দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন এই মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রূপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৭০ টাকা। ২১ ক্যারেট রূপার প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং প্রতি গ্রাম ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেট রূপার প্রতি ভরির দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩০৫ টাকা। সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং প্রতি গ্রামের দাম ২৩০ টাকা অপরিবর্তিত রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে বলে জানিয়েছে বাজুস।



