মৌলভীবাজারের জুড়ীতে জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিম আহমদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত মুনিমকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাক্প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
এ বিষয়ে জুড়ী থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



