চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মাহবুব আলম (৪৯) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, মাহবুব আলমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মাহবুব আলমকে কুষ্টিয়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



