নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকাগামী ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাতপরিচয় কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, কিশোরটি ঢাকাগামী একটি ট্রেনের ছাদে উঠছিল। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনের সামনে পৌঁছালে রেললাইনের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে তার শরীরের সংস্পর্শ হয়। এতে সে ট্রেনের নিচে পড়ে গুরুতরভাবে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ঢাকাগামী ট্রেনের ছাদে উঠে কিশোরটি ঢাকার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত কিশোরের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



