খুলনার চার থানায় বিশেষ অভিযান চলমান থাকায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার এবং রাতে একাকী চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
এতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে।
খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে জারি করা নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২। নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।



