পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এবার রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ফেডারেল সরকার। একই সঙ্গে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল রাজধানী ইসলামাবাদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদের প্রধান প্রধান সড়কের মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সব পুলিশ সুপার (এসপি), ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এবং স্টেশন হাউস অফিসারদের (এসএইচও) মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের কোথাও ব্যানার প্রদর্শন বা জনসমাগমের ঘটনা ঘটলে পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ইসলামাবাদের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর ‘রেড জোনে’ অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর ইসলামাবাদে এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলো। তবে রেড অ্যালার্ট জারি এবং ১৪৪ ধারা কার্যকরের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।



