চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। ওই ভিডিওতে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায়।
আদেশে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া দুর্নীতির শামিল।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের লক্ষ্যে অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরির জন্য ভূমি অফিসগুলোতে বার্তা পাঠানো হয়েছে।



