ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারি হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের সময় পুলিশের দুই সদস্যকে কামড়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাকিব মিয়া (৩০) পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শাকিবকে আটকের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি দুই পুলিশ সদস্যকে কামড়ে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত দুই পুলিশ সদস্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, শাকিবকে আটকের সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের কামড়ে আহত করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



