ইরানের পারস্য উপসাগরীয় উপকূলে হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজ থেকে ভেসে আসা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহে নেমেছেন শত শত মানুষ। ছোট নৌকা ও উদ্ধারকারী নৌযানে করে তাঁরা সমুদ্রে ছড়িয়ে পড়েছেন। গত ১৪ অক্টোবর ডুবে যাওয়া জিএফএস প্রাইড নামের জাহাজটি থেকে এসব পণ্য সংগ্রহের চেষ্টা করছেন তাঁরা।
পারস্য উপসাগরীয় উপকূলে ভোরে মাছ ধরতে বের হওয়া জেলেদের নৌকায় সাধারণত ‘বান্দারি’ লোকসংগীতের তালে মুখর থাকে পরিবেশ। তবে এবার মাছ ধরার বদলে অনেকেই ডুবে যাওয়া জাহাজের পণ্য সংগ্রহে সমুদ্রে নেমেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, তাঁরা দল বেঁধে হরমুজ প্রণালির দিকে যাচ্ছেন। একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে যাওয়ার খবর পেয়ে আইফোন ও সুগন্ধি সংগ্রহের আশায় সেখানে যাচ্ছেন তাঁরা।
জাহাজটির নিবন্ধনকারী দেশ সিঙ্গাপুরের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তবে জাহাজটি ডুবে যাওয়ার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, জাহাজটি ‘অননুমোদিত ও বিপজ্জনক’ পথে চলাচল করছিল। একপর্যায়ে এটি সমুদ্রের মাইনে আঘাত করলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। দুই হাজার ৫০০টির বেশি কনটেইনার নিয়ে জাহাজটি ডুবে যায় বলে দাবি করেছে বাহিনীটি।
প্রকাশিত ভিডিওতে পানিতে আংশিক ডুবে থাকা কনটেইনারগুলোর মাঝ দিয়ে কয়েক ডজন নৌকাকে চলাচল করতে দেখা গেছে। নৌকায় থাকা লোকজন ঢেউয়ের মধ্যে থেকে বাক্স টেনে তুলছেন। একটি ভিডিওতে ছোট একটি নৌকাকে বিশাল আকারের একটি শিপিং কনটেইনার টেনে নিয়ে যেতে দেখা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান একাধিক জাহাজে হামলা চালিয়েছে। তবে এসব ঘটনার মধ্যে খুব কম জাহাজই ডুবেছে। জিএফএস প্রাইড ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ এবং চলমান যুদ্ধে ডুবে যাওয়া তৃতীয় জাহাজ বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হামলায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী কেপ দাও জাহাজটি ডুবে যায়।
যুদ্ধ শুরুর পর সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় জাহাজ চলাচলের ওপর আইআরজিসির হামলা বেড়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই এলাকা থেকে দূরে থাকার জন্য জাহাজগুলোকে সতর্ক করার পাশাপাশি পানিতে ভেসে থাকা কনটেইনারের আশপাশে সাবধানে চলাচল করতে স্থানীয় জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী।



