রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তিনি শিগগির কারামুক্ত হতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।
গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন রনজিলা পারভিন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। ঘটনার দিন ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। ওই মামলাতেই রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।



