যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত দিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। ইরানের এই অবস্থানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান শুরু করা থেকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
গত এক মাসে ইরানের সামরিক কমান্ডাররা একাধিক প্রকাশ্য বক্তব্যে দাবি করেছেন, দেশটি বিপুল পরিমাণ নতুন অস্ত্রের মজুত গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরান।
ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, নতুন সংঘাত শুরু হলে হামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার এবং আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনা।
গত মাসের শেষ দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, বিশ্ব অবাক হয়ে যাবে। তাঁর দাবি, ইরানের এমন কিছু নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।
দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রায় নয় মাস পর সংঘাত অনেকটা অচলাবস্থায় পৌঁছেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা বাড়ছে।
দুই পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে। তেহরানের বক্তব্য, ব্যাপক হামলার পরও তারা টিকে আছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, ইরানের শাসনব্যবস্থা ও সামরিক সক্ষমতা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যেই ইরানকে চাপের মুখে ফেলতে নতুন অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
মোহেব্বি বলেন, যুদ্ধ শেষ হয়নি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে।
যুদ্ধের আতঙ্কে সাধারণ ইরানিরা
ইরানের সামরিক কর্মকর্তারা নিজেদের শক্তি ও প্রস্তুতির কথা বললেও সাধারণ মানুষের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপর্যস্ত মানুষ আবারও হামলার শঙ্কায় দিন কাটাচ্ছেন।
গত সপ্তাহে তেহরানের ৭০ বছর বয়সী এক বাসিন্দা সিএনএনকে জানান, তিনি প্রতিদিন রাতে নতুন করে বোমা হামলার আশঙ্কা করছেন। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে রেখেছেন এবং পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করেছেন।
দুই সন্তানের এক মা জানান, সন্তানদের স্কুলে পাঠানোর সময়ও তিনি উদ্বেগে থাকেন। তাঁর আশঙ্কা, নতুন করে যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষ আবারও বিপদের মুখে পড়বেন।
তেহরানের আরেক বাসিন্দার ভাষ্য, ইরানের অনেক মানুষ মনে করছেন যুদ্ধ আবার শুরু হতে পারে। কখন হামলা হবে, তা নিয়ে উদ্বেগের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। নিরাপত্তার কারণে সিএনএনকে সাক্ষাৎকার দেওয়া এসব বাসিন্দা নাম প্রকাশ করতে চাননি।
ইউরোপে মার্কিন স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানকে নিয়ে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণে হোয়াইট হাউসের উপদেষ্টারা একাধিক বৈঠক করেছেন। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি নতুন পদক্ষেপ নেবেন না। তবে তাঁর এই অবস্থান চূড়ান্ত কি না, তা নিয়ে মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নতুন সামরিক অভিযান শুরু হলে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি এমওএও ব্যবহার করার বিষয়টিও রয়েছে।
ইরানের সেনাবাহিনীর কমান্ডার আলিরেজা শেখ দাবি করেছেন, এ ধরনের প্রচারণার উদ্দেশ্য ইরানের জনগণকে ভয় দেখানো।
এদিকে ইরান আরও আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণ করতে পারে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। গত সপ্তাহে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে দেশজুড়ে সামরিক মহড়া চালানোর কথা জানানো হয়। ওই মহড়ায় একসঙ্গে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ফারজিন নাদিমির মতে, ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউরোপে হামলার সিদ্ধান্ত নিলে সেখানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন বিমানঘাঁটি এবং জার্মানির রামস্টাইন সামরিক সরবরাহকেন্দ্র রয়েছে।
তবে নাদিমির ধারণা, সংঘাত অত্যন্ত গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ইরান এ ধরনের পদক্ষেপ নাও নিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে নতুন একটি হুমকির পর সেখানে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমানগুলো নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
ইরানের সম্ভাব্য সামরিক কৌশল নিয়ে বিশ্লেষকেরা উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন। ফারজিন নাদিমির মতে, লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা বাড়াতে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ড্রোনের আরও সমন্বিত বহর গড়ে তোলার চেষ্টা করতে পারে।
এ ধরনের ড্রোন পরস্পরের সঙ্গে যোগাযোগ, উড্ডয়নের পথ পরিবর্তন এবং শত্রুপক্ষের সংকেত ও আকাশ প্রতিরক্ষা এড়িয়ে চলার প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে ইরান এখনো এসব সক্ষমতার কার্যকর প্রমাণ দেয়নি।
এ ছাড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি বাড়ানো এবং সামরিক যোগাযোগ ও নজরদারিতে ব্যবহৃত স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে দেশটি।
মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ওয়ায়েজ সিএনএনকে বলেন, তেহরান বোঝাতে চায়, নতুন করে যুদ্ধ শুরু হলে তা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে সংঘাত নিয়ন্ত্রণ করা কঠিন হবে এবং প্রাণহানির ঝুঁকি বাড়বে।
তাঁর মতে, ইরান যেসব পদক্ষেপকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখছে, ওয়াশিংটন সেগুলোকে উসকানি হিসেবে বিবেচনা করতে পারে। ফলে যুদ্ধ এড়ানোর প্রচেষ্টাই উল্টো নতুন সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সামরিক কমান্ডার, শীর্ষ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান আরব প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। তেহরানের অভিযোগ, এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সংঘাতের সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরের বেসামরিক অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটে। দুবাইয়ের পর্যটন এলাকা, কুয়েতের পানি শোধনাগার এবং কয়েকটি দেশের ডেটা সেন্টার হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিকে লক্ষ্য করে ইরান আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তবে আমিরাতের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।
গত সপ্তাহে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি সতর্ক করে বলেন, নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও সম্পদে পাল্টা আঘাত হানতে পারে তেহরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাও রয়েছে।
রেজায়ির হুঁশিয়ারি, নতুন যুদ্ধ শুরু হলে এ অঞ্চলের সমুদ্রতলের কেবল, ডেটা সেন্টার, এআই স্থাপনা ও অন্যান্য অবকাঠামো ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, নতুন সংঘাত মোকাবিলায় তারা আগের চেয়ে বেশি প্রস্তুত। দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আলি আল-নুয়াইমি বলেন, তাঁরা যুদ্ধ চান না। তবে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।
সব মিলিয়ে, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। তবে যুদ্ধ আবার শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।



