নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা।
সোমবার সকাল সাড়ে ১১টায় ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
নাটোরের জ্যেষ্ঠ সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন একাত্তর টিভির সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সাংবাদিক নাজমুল হাসান, এনটিভির সাংবাদিক হালিম খান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তার ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
তারা আরও বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



