ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। এ ঘটনায় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।
সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতেরা তাঁর বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তাঁর বাবা ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির পর পরিবারের সদস্যরা আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়েন। তবে ডাকাত দলের সদস্যসংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল।
শিক্ষক সামিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ঘটনাটি শুনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।



