সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় খারজ লক্ষ্য করে ছোড়া চারটি ড্রোন ধ্বংস করেছে সৌদি-ইয়েমেন সামরিক জোট। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল বলে জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সৌদি-ইয়েমেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী দেশটির পূর্বাঞ্চল ও খারজ এলাকায় সতর্কবার্তা জারি করেছিল। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকায় বিপদ কেটে গেছে।
হুথিদের সঙ্গে সৌদি জোটের সংঘাত বাড়ছে
গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখলে নেওয়ার পর হুথিদের ওপর সৌদি আরবের হামলা জোরদার হয়েছে। হুথিরা বাব আল-মানদেব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
হরমুজ প্রণালীর বিপরীতে আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত বাব আল-মানদেব প্রণালি উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।
২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাত
সৌদি জোট ও হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যে হামলা অনেকাংশে বন্ধ ছিল। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে।
দুই পক্ষের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এর ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান লড়াইয়ে নতুন একটি রণক্ষেত্র তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



