রাজধানীর কদমতলী এলাকায় ভেজাল আইসক্রিম ও ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে চারটি কারখানা সিলগালা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর মধ্যে তিনটি আইসক্রিম কারখানা এবং একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। অভিযানে পানির কারখানাটিকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং এসআরবি-১০-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদার যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি আইসক্রিম কারখানা সিলগালা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।
এসআরবি জানিয়েছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।



