চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে এবং সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চাঁদপুর শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।
এরপর রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
দুটি ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



