রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তিন আসামি ও মামলার পলাতক অন্য আসামিরা ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তাঁদের সঙ্গে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের যোগাযোগ রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়।
আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে দিতেন বলেও উল্লেখ করা হয়।
পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য তিন আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এ কারণে তাঁদের প্রত্যেককে ১০ দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর পৃথক তিনটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সাবেক সংসদ সদস্য দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, সাবেক সচিব মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং অভিনেতা তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ মে দুপুর ২টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন রাপা প্লাজার সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের অনেকে পালিয়ে যান।
মামলার এজাহার অনুযায়ী, ওই ব্যক্তিরা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
তবে রিমান্ড আবেদনে করা অর্থ ও অস্ত্র সরবরাহসহ অন্যান্য অভিযোগ এখনো তদন্তাধীন। আদালতের রিমান্ড আদেশকে অভিযোগের সত্যতা প্রমাণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।



