ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। তবে একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তার দায় কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।
বক্তব্যে বিএনপির অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সরকার দৃঢ়প্রতিজ্ঞ—বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও আত্মত্যাগে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।



