নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবনের অভিযোগে পাঁচজন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে সোনারগাঁ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানে থানা পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়।
পুলিশের তথ্যমতে, মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন সাকিব মোল্লা সুমন (২৬), শামীম (২৭), স্বপন মিয়া (৩২), নাঈম (১৮) ও সাজিদুল (২৫)। তাঁদের মধ্যে স্বপন মিয়া ও নাঈম সোনারগাঁয়ের পাঠাত্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অন্যরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজীব হাসান (৪১), সালাউদ্দিন সানি (৪০) ও মেহেদী হাসানকে (২৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তার রাজীব হাসান কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি। সালাউদ্দিন সানি সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা এবং মেহেদী হাসান জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ডাকাতির প্রস্তুতির অভিযোগে নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার মজিবর (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



