অল ক্রাইমস. টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে (বৃহস্পতিবার, ২ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে বিতর্কের ঘটনা ঘটে। বিষয়টি শুরু হয় বিরোধীদলীয় নেতার এক মন্তব্যকে কেন্দ্র করে।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে এবং সত্যকে মিথ্যা হিসেবে পরিবেশন করতে সক্ষম। তিনি বলেন, “জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালস ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাকে ধন্যবাদ জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি।”
স্পিকার তাকে স্মরণ করান, পয়েন্ট অব অর্ডার চলমান বিষয় সংক্রান্ত হওয়া উচিত, এবং গতকালকের বিষয়টি এখন নতুন করে তোলার প্রয়োজন নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দটি ব্যবহার করেছেন যা অসংসদীয়। তিনি উল্লেখ করেন, “আমি বলেছিলাম বিরোধীদলীয় নেতা একটি অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। রুল ৬২ অনুযায়ী একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব পরে গ্রহণ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতার বক্তব্যটি অসত্য।”
ডা. শফিকুর রহমান পাল্টা যুক্তি দিয়ে বলেন, “একই বিষয় একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। প্রস্তাবটির নাম শুধু বদলেছে, কিন্তু বিষয় এক। আমি আগের প্রস্তাবটি জানতাম, তাই আমার বক্তব্যে কোনো ভুল তথ্য নেই।”



