অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিরা চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে নতুন ভিসা পাওয়া, পুরোনো ভিসার মেয়াদ নবায়ন এবং কর্মস্থল পরিবর্তনসহ নানা জটিলতায় পড়ছেন অনেকেই। এসব সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলো প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
শামা ওবায়েদ ইসলাম জানান, নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়েও সরকার গুরুত্বসহকারে কাজ করছে। যেসব মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া যেসব পরিবার এখনো প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছেন, তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তিনি প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার আহ্বান জানান এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে নিকটস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।



