অল ক্রাইমস. টিভি ডেস্ক
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে বিকাশ চন্দ্র কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের রেল কর্মচারী কোয়ার্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ চন্দ্র কর্মকার সাতৈর ইউনিয়নের কামারহাটি বড়নগর গ্রামের মৃত নিতাই চন্দ্র কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে তাকে একটি ব্যাগ কাঁধে নিয়ে সাতৈর রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় তিনি হঠাৎ ট্রেনের সামনে গিয়ে দাঁড়ান। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ের ওয়েম্যান মো. রাসেল বলেন, ট্রেন আসার শব্দে তিনি লাইন থেকে সরে গেলেও বিকাশ হঠাৎ দুই হাত তুলে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঋণগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি বাড়িতে ফিরে এলে পাওনাদারদের চাপের মুখে তিনি চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটি স্টেশনে না থামায় তারা চিৎকার করলেও বিকাশ সাড়া দেননি।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগবিহীন ছিলেন এবং সম্প্রতি পৈত্রিক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসেন।
ঘটনাস্থল থেকে তার পরিচয়পত্র ও পরিবারের কিছু ছবি উদ্ধার করা হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক শফিউল আলম জানান, মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবে।



