অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক হিসেবে মাথাপিছু আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং মাথাপিছু আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখাই সরকারের অন্যতম লক্ষ্য।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে সরকার বিভিন্ন খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং ক্রীড়া খাতকে অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা।
তিনি বলেন, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে কেবল একটি খাতে উন্নয়ন করলেই হবে না। এজন্য বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। সরকার তাই কর্মসংস্থান বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, প্রবাসী আয়ের প্রবাহ জোরদার, দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মতো বিষয়গুলোতে একযোগে কাজ করছে।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।



