অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই প্রেক্ষাপটে দেশের ক্রিকেট প্রশাসনে শুরু হয়েছে নতুন অধ্যায়। আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
নতুন দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি তামিমের নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রাজীব শুক্লা তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তামিম ইকবালকে অভিনন্দন। তিনি বলেন, একজন অভিজ্ঞ ও সফল সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর সম্ভাবনাকে আরও প্রসারিত করবে।
তামিম ইকবালের এই নিয়োগ এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই সরকার বোর্ডটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।
এরপর নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। এই কমিটি আগামী তিন মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করে নতুন বোর্ড গঠনের দায়িত্বও তাদের ওপর অর্পণ করা হয়েছে।
ক্রিকেট সংশ্লিষ্ট মহলে তামিম ইকবালের নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মাঠের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের কারণে তিনি বোর্ড পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারবেন। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে দেশের ক্রিকেট প্রশাসনে কতটা ইতিবাচক পরিবর্তন আসে এবং কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়।



