অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর বনানীতে একটি ভবনের বারান্দা থেকে ছোঁড়া ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুটকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে গৃহকর্মী শিউলি হত্যার গুজব ছড়িয়ে পড়ায় পুলিশকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের ভবনের সামনে উত্তেজিত জনতা জমায়েত হয়। বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, “শিউলি চিরকুটে লিখেছিলেন, ‘আমাকে বাঁচান। নয়তো ৯৯৯–এ কল করুন, অথবা আমার স্বামীর নম্বরে কল করুন’। এক পথচারী চিরকুটটি পেয়ে নীচে জড়ো হওয়া লোকজনকে দেখায়।”
পুলিশ কর্মকর্তা বলেন, “কড়াইল বস্তির কয়েকজনও ঘটনাস্থলে এসে শিউলির মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে। এমনকি আরো দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়িয়ে পড়ে। এতে ভবন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।”
পরবর্তীতে পুলিশ শিউলিকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসার মালিক জানান, “এখনো আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। শিউলি থানার হেফাজতে আছে। তিনি জানিয়েছে তাকে মারধর করা হয়েছে।”



