অল ক্রাইমস.টিভি ডেস্ক
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঠালতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নেওয়ার সময় প্রায় ১০০–১১০ জন সন্দেহভাজন বিজিবি টহল দলকে ঘেরাওয়ের চেষ্টা করে। পরে অতিরিক্ত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



