অল ক্রাইমস.টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে কঠোর অবস্থান জানালেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় ইরানের সদিচ্ছা থাকলেও ওয়াশিংটনের ওপর তাদের কোনো আস্থা নেই।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একাধিকবার ইরান প্রতারণার শিকার হয়েছে।
গালিবাফ বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই।”
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকারের চুক্তিতে পৌঁছাতে চায় এবং ইরানি জনগণের অধিকারকে স্বীকৃতি দেয়, তবে তেহরান আলোচনায় ইতিবাচক সাড়া দেবে।
তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনাকে যদি কোনো অসৎ উদ্দেশ্য আড়াল করার জন্য ব্যবহার করা হয়, তাহলে ইরান কঠোর জবাব দেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনা করলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত।



