অল ক্রাইমস.টিভি ডেস্ক
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেন।
শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের পরিবারের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তাদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানো হয়।
অনশন ভাঙার পর অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথম একজন শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে একই দিন সন্ধ্যায় আরও একজন শিক্ষার্থী যোগ দেন। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী যুক্ত হলে এই কর্মসূচি বিস্তৃত হয়।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।



