অল ক্রাইমস. টিভি ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। দীর্ঘ সময় ধরে কোনো সুস্পষ্ট ভিশন ছিল না।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার লক্ষ্য অনেক সীমিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এবং মেধা বিকাশে ঘাটতি দেখা দিচ্ছে। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন ও মানোন্নয়ন জরুরি।
শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে সঠিক শিক্ষক উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। শিক্ষকরা দায়িত্ব নিলে শিক্ষার মান উন্নত করা সম্ভব। সবাইকে একসঙ্গে কাজ করে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার অবকাঠামো উন্নয়ন করতে পারে, কিন্তু মানসম্মত শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব বেশি।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। নতুন ও উন্নত রূপগঞ্জ গড়তে সকলকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মুখ্য আলোচক অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলাদেশে শিক্ষায় রাজনৈতিক প্রভাবও একটি বড় সমস্যা। প্রাথমিক শিক্ষাকে আরও নিরাপদ ও মানসম্মত করা প্রয়োজন।
সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



