অল ক্রাইমস.টিভি ডেস্ক
শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী পর্যাপ্তভাবে কোরআন শিক্ষা অর্জন না করেই বের হচ্ছেন। এ কারণে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না এবং কওমি শিক্ষার্থীদের ক্ষেত্রে সমমান (ইকুইভ্যালেন্ট) ডিগ্রির ঘাটতিও একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট অঞ্চলের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও জানান, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৯ হাজার শিক্ষক পদ শূন্য থাকলেও প্রয়োজনীয় যোগ্যতার অভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি। এসব সমাধানে ব্যাপক সংস্কার প্রয়োজন, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সময় শিক্ষাক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছিল, তবে ধারাবাহিকতা বজায় না থাকায় বর্তমান পরিস্থিতিতে কিছু ঘাটতি তৈরি হয়েছে। তার মতে, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাব এখন শিক্ষাব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকাংশে পুঁথিনির্ভর হয়ে পড়েছে, যা কর্মজীবনে নৈতিকতার ঘাটতি তৈরি করছে। এ কারণে স্কুল ও কলেজ পর্যায়ে নৈতিক ও ধর্মীয় শিক্ষা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।



