অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের এপ্রিলের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৭ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক কম ছিল, ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়েছে।
এছাড়া গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অন্যদিকে, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।



