অল ক্রাইমস. টিভি ডেস্ক
নতুন একটি সিনেমায় আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার এই গানে পর্দায় পারফর্ম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রাণবন্ত নাচ ও গ্ল্যামারাস উপস্থিতিতে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন তিনি।
গানের কথায় রয়েছে পার্টি ঘরানার ছন্দ, যেমন—“নো চিন্তা, মজা কর, রাত উপভোগ কর, ডিজে পার্টির ডান্স ফ্লোরে লাল নীল আলো”। গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সিনেমার একটি বিশেষ মুহূর্তে এই গানটি ব্যবহার করা হবে, যা দর্শকদের বাড়তি বিনোদন দেবে।

গানটি নিয়ে কোনাল বলেন, দীর্ঘদিন পর আইটেম গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ আনন্দিত। আগে কিছু প্রস্তাব পেলেও গানের কথা পছন্দ না হওয়ায় তিনি সেগুলো গ্রহণ করেননি। তবে ‘তছনছ’ সিনেমার এই গানটির কথা, সুর ও উপস্থাপনা তার কাছে ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো সাড়া পাবে।

অন্যদিকে চিত্রনায়িকা ববি বলেন, এই গানের জন্য তাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে। নাচের অনুশীলন থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি। তার বিশ্বাস, দর্শকরা তাকে ভিন্ন রূপে দেখতে পাবেন।
বর্তমানে স্টেজ শো এবং নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। অন্যদিকে ববি আগের তুলনায় কম কাজ করলেও বেছে বেছে কাজ করছেন। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ুরাক্ষী’।



