অল ক্রাইমস. টিভি ডেস্ক
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটি পুড়ে গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে আগুন লাগে। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়ে পুরো গাড়িতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, আগুন লাগার সময় চালক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।



