অল ক্রাইমস. টিভি ডেস্ক
অভ্যুত্থানের পর রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও বাস্তব পরিস্থিতিতে তেমন পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে রবিবার দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু দেশের মৌলিক কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। তিনি আরও বলেন, দেশকে আগের কোনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যেতে দেওয়া হবে না।
তার অভিযোগ, বর্তমানে সব প্রতিষ্ঠান দলীয়করণের দিকে যাচ্ছে। সংস্কার ও ঐকমত্য কমিশনকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি জানান, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাসহ মোট ৪৭ জন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে তাদের নামও ঘোষণা করা হয়।
নাহিদ ইসলাম বলেন, নতুন যোগদানকারীরা এখন থেকে দলের কর্মী হিসেবে কাজ করবেন। তবে চাঁদাবাজি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা কোনো রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলে যুক্ত হতে পারবেন না।



