অল ক্রাইমস.টিভি ডেস্ক
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার দিবাগত গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)। তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ বাড়িটি থেকে আগুনের শিখা দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভেতরে থাকা দম্পতি দগ্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। আগুনের তীব্রতায় ঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।



