অল ক্রাইমস. টিভি ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ছয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজন মিয়া (৪৩)। তারা যথাক্রমে বাসের চালক ও হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে স্থানীয় বিদ্যুৎ নামের এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



