অল ক্রাইমস.টিভি ডেস্ক
দক্ষিণ লেবাননে যিশুখ্রিষ্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য জড়িত থাকার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে শুরুতে প্রশ্ন উঠলেও পরে বিষয়টি যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা ভারী হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির ওপর আঘাত করছেন এবং মূর্তিটি ক্রুশ থেকে নিচে পড়ে গেছে। বিষয়টি সামনে আসার পর সেনাবাহিনী ঘটনাটি তদন্ত শুরু করে।
পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, ছবিটি আসল এবং তাদেরই একজন সেনা এতে রয়েছে। সেনাবাহিনী ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে এবং সংশ্লিষ্ট সেনার আচরণ বাহিনীর মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
সেনাবাহিনীর নর্দান কমান্ড ঘটনাটি তদন্ত করেছে এবং বিষয়টি এখন অভ্যন্তরীণ সামরিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।
আরব গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী খ্রিষ্টান-অধ্যুষিত গ্রাম দেবলে ঘটেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তিটি ওই এলাকাতেই অবস্থিত হলেও ক্ষয়ক্ষতির বিষয়টি তারা নিশ্চিত করতে পারেনি।
ঘটনার পটভূমিতে দক্ষিণ লেবাননে চলমান সংঘাতও নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে ইরান–ইসরায়েল উত্তেজনা ও হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলার জেরে ওই এলাকায় আবারও অস্থিরতা তৈরি হয়। যদিও বর্তমানে সেখানে যুদ্ধবিরতি চলছে, তবে সীমান্ত এলাকায় উত্তেজনা ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।



