অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমদু চৌধুরী দাবি করেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। তিনি বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে আর্থিক শৃঙ্খলা ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারে লুটপাট কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনায় অনিয়ম নিয়েও বিএনপির সময় কোনো বিতর্ক তৈরি হয়নি।
প্রশ্নোত্তরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ প্রসঙ্গ তোলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি উল্লেখ করেন, একটি ব্যাংকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে, যার বড় অংশ নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে সরকারের পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে পলাতক হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে এবং এ লক্ষ্যে বিদেশি পেশাদার প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, সরকার একদিকে রাষ্ট্রীয় পর্যায়ে (জি-টু-জি) উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে বিশেষায়িত রিকভারি ফার্মগুলোর মাধ্যমেও অর্থ উদ্ধারের প্রচেষ্টা চলছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এসব অর্থ ও সম্পদ উদ্ধার করা সম্ভব হবে।



