অল ক্রাইমস. টিভি ডেস্ক
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি হচ্ছে সারা দেশে খাল খনন ও দখলমুক্ত কার্যক্রম বাস্তবায়ন।
বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খাল খননের মাধ্যমে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এ কাজে কোনো আইনি জটিলতা দেখা দিলে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তা মোকাবিলা করা হবে।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক জায়গায় খাল দখল ও বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। বর্তমান সরকার নতুন উদ্যমে খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং জনগণ ইতোমধ্যে এর সুফল পাচ্ছে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন আন্দোলনের সূচনা করেছিলেন, আর সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করছেন।
পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতি সভায় অংশ নেন এবং খাল খনন কর্মসূচির নির্ধারিত স্থান পরিদর্শন করেন।



