রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে উপস্থিত হয়। তারা চাপাতি, ছুরিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে নূর ইসলামের মুখ, কাঁধ ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করেন। পরবর্তীতে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আহত বিএনপি নেতা নূর ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই হামলার সাথে জড়িত ঘাতকদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে এবং এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



