ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে খাঁটিহাতা হাইওয়ে থানা সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।
পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনতাই অথবা পূর্বপরিকল্পিত বিরোধের জেরে জিহাদকে হত্যা করা হতে পারে। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে।
স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বাবাকে এগিয়ে আনতে বাড়ি থেকে বের হন জিহাদ। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিহতের বাবা আজগর আলী বলেন, ছেলেকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পাওয়া যায় এবং তার মোবাইল ফোনটি ঘটনাস্থলে ছিল না। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে কিশোর হত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।



