ময়মনসিংহে ২০১৯ সালে স্বামী শফিকুল ইসলাম (শপু) হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত শফিকুল ইসলাম শপু প্রথমে মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে নগরের বাঁশবাড়ি কলোনিতে বসবাস করতেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পরে শপু নগরীর হাবুন ব্যাপারী মোড় এলাকার বাসিন্দা আফরোজা শেখ ইতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পরও শপু প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে তার প্রায়ই পারিবারিক কলহ হতো। একপর্যায়ে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি পরিকল্পিতভাবে শপুকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ হাবুন ব্যাপারী মোড় এলাকার একটি পচা পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
১৩ জুন স্থানীয়রা পুকুরে কচুরিপানার মধ্যে শপুর হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার বাদী হয়ে একই দিন কোতোয়ালি থানায় আফরোজা শেখ ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আফরোজা শেখ ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহ-আসামি দ্বীন ইসলামকে খালাস দেওয়া হয়েছে।



