মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার উপযোগী রাস্তা না থাকায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে ভ্যানে করে পাম্পসহ অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিতে হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। উপজেলার তন্তর ইউনিয়নের রোজদী গ্রামের সোহাগ আলী সরদারের কাঠ ও টিনের তৈরি বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে রাস্তা না থাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থামাতে হয়। পরে ভ্যানগাড়িতে করে পাম্পসহ প্রয়োজনীয় সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত গ্যাসের চুলায় রান্নার সময় আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ও অন্যান্য ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অসাবধানতা অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ। রান্নার সময় হাতের কাছে পানি রাখা এবং রান্না শেষে চুলা বন্ধ করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রতিটি বাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার আহ্বান জানান।



