ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশাল বিভাগে ২০২ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫১ হাজার ৮৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১৪৯ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১ হাজার ৩৯৪ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৯৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ওই বছরে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।



