ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) ও মো. ইয়াছিন (২০)।
পুলিশ জানায়, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় অভিযুক্তরা সোহাগী যাওয়ার কথা বলে ১০০ টাকায় ইজিবাইকটি ভাড়া করেন।
পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়ি থামানো হয়। একপর্যায়ে চালকের বাম হাতে চাকু দিয়ে আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।
চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেন।
পরে তাদের কাছ থেকে ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা মো. মারুফ (২২) পালিয়ে যান।
আহত ইজিবাইকচালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রুমন বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



