রাঙামাটির লংগদুতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করত। অভিযোগ, গত সপ্তাহে বাড়িতে কেউ না থাকার সুযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর প্রতিবেশী যুবক শহিদুল ইসলাম (২৩) ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে বিষয়টি জানান।
পরে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক চৌধুরী ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
লংগদু থানার ওসি মো. জাকারিয়া জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানের পর কিশোরীর সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।



