কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ নিয়ে একের পর এক বিশৃঙ্খলা এবং কৃষকদের ভোগান্তির অভিযোগের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।
গত সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক আদেশে আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়। মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহের বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে বৃহস্পতিবার দুপুরের পর তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আবদুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ী, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ছেড়ে গেছেন।
বদলির বিষয়টি নিশ্চিত করে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’
এদিকে চলতি মৌসুমে কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জেলার বিভিন্ন এলাকায় সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিতরণের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠে।
এসব অভিযোগের কারণে কৃষকদের ভোগান্তির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে বদলি করা হলো।



