ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি সুইজগেইট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রামটি উদ্ধার করে এবং এর ভেতরে মরদেহ দেখতে পায়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ড্রামের ভেতর রেখে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



