নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি মিয়া হত্যা মামলায় কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১-এর একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২১ মে ভোরে ভুলতা-গাউছিয়া ফলের আড়তে যাওয়ার সময় তারাবো উত্তরপাড়ায় শ্রাবণ ও তার গ্যাংয়ের সদস্যরা রনি মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
হামলায় রনির দুই হাত, গলা ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দুই দিন পর ২৩ মে চিকিৎসাধীন অবস্থায় রনি মিয়া মারা যান। পরে তার বড় বোন নাছিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এসআরবি সূত্র আরও জানায়, শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, রূপগঞ্জ ও আশপাশের এলাকায় শ্রাবণ ও তার গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। রনি হত্যার প্রতিবাদে এলাকাবাসী শ্রাবণের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করে।
এ ছাড়া একটি মামলা তুলে নেওয়ার জন্য তারাবো পৌরসভার টাটকি পাড়ার বাসিন্দা আমেনা বেগমকে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে শ্রাবণের বিরুদ্ধে। মামলা প্রত্যাহার না করায় গভীর রাতে তার বাড়িতে আগুন দেওয়া ও তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে অভিযান চালিয়ে শ্রাবণ ও তার তিন সহযোগীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।



