নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বড় ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা গেছে, হাতিয়ার জেলে জাহিদ মাঝি মেঘনা নদীতে মাছটি ধরেন। পরে তিনি মাছটি চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সিতে নিয়ে যান। সেখানে মাছটি নিলামে তোলা হলে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।
নিলামে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী বিষ্ণু বেপারি।
নিলাম পরিচালনাকারী কুতুবউদ্দিন বাবু বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় নিলামে ব্যবসায়ীদের আগ্রহ তৈরি হয়। একপর্যায়ে সর্বোচ্চ দর ১০ হাজার ৯০০ টাকায় ওঠে এবং ওই দামেই মাছটি বিক্রি করা হয়।
সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো. সালা উদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় আকারের ইলিশ এলে ব্যবসায়ীদের মধ্যে সাধারণত আগ্রহ তৈরি হয়। এই ‘রাজা ইলিশ’টির ক্ষেত্রেও ভালো দাম পাওয়া গেছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষ্ণু বেপারি মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে এর চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। মাছটির আকার ভালো হওয়ায় নিলামে এর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা ও আকার প্রাকৃতিক পরিবেশ এবং নদীর পরিস্থিতির ওপর অনেকটাই নির্ভর করে। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরতে হবে।



